ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বিচারে ভুল হলে সর্বনাশ হয়ে যাবে।
রাজধানীর আগারগাঁওয়ে বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
১৯৯৬ সালের ২২ মার্চ সেগুনবাগিচার একটি ভাড়াবাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম শুরু হয়। নিজস্ব ভবনের জন্য সরকার প্রতিষ্ঠানটিকে আগারগাঁওয়ে আড়াই বিঘা জমি দিয়েছে।
শেখ হাসিনা বলেন, "অনেকে অধৈর্য হয়ে যাচ্ছেন- এখনই যুদ্ধাপরাধের বিচার হচ্ছে না কোনো? আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতার ৪০ বছর পর যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করেছি। এই বিচার চলবে। এটি তাড়াহুড়ার কোনো বিষয় নয়।"
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারে সরকার গত বছরের ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও বিচারক প্যানেল গঠন করে।
এরই মধ্যে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও সবেক মন্ত্রী আব্দুল আলীমকেও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন কারাগারে এবং আব্দুল আলীম বিশেষ শর্তে জামিনে রয়েছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচনী প্রতিশ্র"তির অন্যতম ছিলো যুদ্ধাপরাধীদের বিচার করা। তবে সরকারের আড়াই বছরেও বিচার শুরু করতে না পারায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতাসহ সমমনা দলগুলো দ্রুত বিচার শুরুর তাগিদ দিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম মার্চের মধ্যে অন্তত দুই জনের বিরুদ্ধে বিচার শুরুর ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন।
অন্যদিকে, বিএনপি-জামায়াত বলছে, রাজনৈতিক ফায়দা লুটতে এবং তাদের নেতাদের হয়রানি করার জন্যই এই 'প্রহসনমূলক' বিচারের মঞ্চ সাজানো হয়েছে। যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে এ দুটি দল আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপ সৃষ্টির চেষ্টা করছে বলে সরকারি দল বরাবরই অভিযোগ করে আসছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সফররত যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ এই বিচারের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা ঠিক হবে না বলে মন্তব্য করেন। তার মতে, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে যথেষ্ট সময় লাগবে। ধারাবাহিকতা রক্ষা করে এই বিচার চালিয়ে যেতে হবে।
প্রায় একই রকম মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "আমরা তো বিচার করবোই। পরবর্তী প্রজন্মের কাছেও আহ্বান- তারা যেনো এই বিচার চালিয়ে যায়। আমরা তো আমাদের সময় বিচার করবোই।
"আশার কথা হচ্ছে আমরা এখন অন্ধকার পেরিয়ে আলোর নিশানা দেখতে পাচ্ছি। আমাদের নতুন প্রজন্ম জেগে উঠেছে, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। গত নির্বাচনে নতুন প্রজন্ম ঘৃণাভরে স্বাধীনতা-বিরোধীদের প্রত্যাখান করেছে। এটি হচ্ছে আমাদের আলোর পথ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/১৭৪৫ ঘ.
bdnews24