ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধান বিরোধী দল বিএনপি তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় সোমবার রাতে এক বিবৃতিতে দলটি তার এ অবস্থানের কথা জানায়।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বরাবরই দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আসছে। তা যেকোনো স্থানে যখনই ঘটুক না কেন।
বিএনপি সন্ত্রাসবাদ মোকাবেলায় তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সে অনুযায়ী কাজও করেছে।
এ প্রসঙ্গে ২০০৬ সালে মক্কায় অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ওই সময়কার প্রধানমন্ত্রী হিসেবে দৃঢ়তার সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় সব দেশের প্রতি যে আহ্বান জানিয়েছিলেন দলটি তা স্মরণ করছে।
বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তানের আবোতোবাদে মার্কিন সামরিক অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার খবর বিশ্ববাসী জেনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার মধ্য দিয়ে।
ওই সময় টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট ওবামা আবারো আশ্বস্ত করেন যে, যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী লড়াই কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ নয়।
তার এ আশ্বাসের বাণীকে শান্তিকামী মানুষ স্বাগত জানাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, একটি উদার গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র বাংলাদেশে আমরা সব সময় বলে আসছি যে, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০০৫৬ ঘ.
bdnews24