২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৈব সার ব্যবহারের পরামর্শ আইনমন্ত্রীর

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কম সময়ে আর্থিকভাবে লাভবান হতে একশ্রেণীর ব্যবসায়ী শাকসবজি ও ফলমূলে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কম সময়ে আর্থিকভাবে লাভবান হতে একশ্রেণীর ব্যবসায়ী শাকসবজি ও ফলমূলে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি কৃষি জমিতে জৈব সার ব্যবহারের পরামর্শ দেন। সেই সঙ্গে শাকসবজি ও ফলমূলে রাসায়নিকের ব্যবহার বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানোর জন্য তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। 'বিষযুক্ত শাকসবজি ও ফলমূল শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। আইনমন্ত্রী বলেন, "বারবার অভিযান চালিয়েও বিষাক্ত রাসায়নিকের ব্যবহার বন্ধ হচ্ছে না। এর অন্যতম কারণ সচেতনতার অভাব।" তিনি বলেন, "এক সময় শাকসবজি উৎপাদনের সময় পোকামাকড় থেকে ফসল রক্ষা করতে কীটনাশক ব্যবহারের প্রয়োজন হতো না। কারণ, প্রাকৃতিকভাবেই ওইসব পোকামাকড় অন্য প্রাণিরা (ব্যাঙ, পাখি) খেয়ে ফেলত।" তিনি বলেন, "আমরাই প্রাকৃতিক পরিবেশ (প্রাণির আবাসস্থল) নষ্ট করছি। এতে প্রকৃতিগতভাবে যে পরিবেশের ভারসাম্য রক্ষা হওয়ার কথা তা হচ্ছে না।" "অবকাঠামো নির্মাণ করতে গিয়ে কৃষি জমি নষ্ট করা হচ্ছে। অধিক ফসল ফলানোর জন্য কীটনাশক ব্যবহার করা হয়। কৃষি জমিতে আগে জৈব সার ব্যবহার করা হতো। এখন তা হয় না।" সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খেলাঘরের সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী। লেলিন চৌধুরী বলেন, "শাকসবজি ও ফলমূল শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। কিন্তু কৃষকরা চাষের সময় পোকার হাত থেকে ফসল রক্ষার জন্য নানা ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকে।" কীটনাশক ব্যবহৃত শাকসবজি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানিয়ে তিনি বলেন, "কীটনাশক ব্যবহার করায় তার ক্ষতিকর প্রভাব থেকে যায় শাকসবজিতে। এসব শাকসবজি খেলে কিডনি, লিভার ক্ষতিগ্রস্তসহ ত্বক ও শ্বাসতন্ত্রে এলার্জি হতে পারে।" শাকসবজি, ফলমূল ও খাদ্য সংরক্ষণে অননুমোদিত রাসায়নিক যেমন-ফরমালিন, ডিডিটি, ক্যালসিয়াম, কারবাইডের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তিনি। শিশুর সুস্বাস্থ্য রক্ষায় কয়েকটি প্রস্তাব তুলে ধরেন লেলিন চৌধুরী। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে শাকসবজি, ফলমূল উৎপাদনের সময় কীটনাশক কিংবা রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহার, বিষাক্ত রাসায়নিক মেশানো খাদ্যদ্রব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং খাদ্যের আর্দশমান বজায় রাখার জন্য একটি রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করা। সেমিনারে আরো বক্তব্য দেন খেলাঘরের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের মহাসচিব নিতাই দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/ ২১০৮ ঘ.