নারায়ণগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় বঙ্গবন্ধু সড়কে পুলিশ এ হামলা চালায়।
আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকাসহ জেলায় জেলায় এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি'র সহ-সভাপতি বদরুজ্জামান খসরুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এম এ মান্নান, জান্নাতুল ফেরদৌস, আনোয়ার হোসেন খান, দলের জেলা সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, শহর কমিটির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।
সমাবেশে এটিএম কামাল বলেন, নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে লাঠিপেটা করেছে। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মৃদু লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৯ ঘ.
bdnews24