২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ব্যর্থতায় মূল্যস্ফীতি দুই অঙ্কে: বিএনপি

তিন বছর পর মূল্যস্ফীতি দুই অঙ্কের কোঠা ছাড়ানোর জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছর পর মূল্যস্ফীতি দুই অঙ্কের কোঠা ছাড়ানোর জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোর দাবিতে মঙ্গলবার মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। জনগণ চরম কষ্টে আছে, দেশের মূল্যস্ফীতির চিত্র দেখলে তা বোঝা যায়। সরকারের ব্যর্থতার কারণে মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।" বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে গত মার্চ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। এর আগে ২০০৮ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিলো দুই অঙ্কের কোঠায় ছিলো, তখন তা ছিলো ১০ দশমিক ৮ শতাংশ। 'ব্যর্থতা'র দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানান মোশাররফ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। দ্রব্যমূল্য পরিস্থিতির বিষয়ে চারদলীয় জোট সরকার ও বর্তমান সরকারের শাসনামলের চিত্র মূল্যায়নে সরকারি সংস্থা টিসিবি'র পরিসংখ্যান চিত্র তুলে ধরেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ। তিনি বলেন, "২০০৬ সালের অক্টোবরে মোটা চালের দাম ছিলো ১৭ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮-৩৫ টাকায়। সয়াবিন তেলের কেজি সেই সময়ে ছিলো ৪৬ টাকা। বর্তমানে তা ১১০ টাকা।" চারদলীয় জোট সরকারের আমলে মূল্যস্ফীতি ৭ শতাংশ ছিলো জানিয়ে মোশাররফ বলেন, "আমরা ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় জাতীয় প্রবৃদ্ধির হার ছিলো ৬ দশমিক ৭ শতাংশ। বর্তমানে সেই প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে দায়ী করে মন্ত্রীদের দেওয়া বক্তব্যকে 'প্রতারণা' বলে মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্য কমাতে না পারলে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "পদত্যাগ করে দ্রুত মধ্যবর্তী দিন।" 'নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার' এর অধীনে নির্বাচন ও নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে ফখরুল বলেন, "কোনো বিতর্কিত ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মেনে নেওয়া হবে না। আগামী নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিংও কোনোভাবেই মেনে নেবো না।" সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/আরএ/এমআই/১৯১৯ ঘ.