২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমিনীরা ধর্মের নামে নারীনীতি বাস্তবায়নে বাধা দিচ্ছেন'

ধর্মের নামে মিথ্যা কথা বলে ফজলুল হক আমিনীর মতো লোকেরা নারীনীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মের নামে মিথ্যা কথা বলে ফজলুল হক আমিনীর মতো লোকেরা নারীনীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন কমিটি। সোমবার রাজধানীর মুক্তাঙ্গনে নারীনীতি বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন কমিটির প্রধান উপদেষ্টা এবং ওয়ার্কার্স পার্টির (মেনন) ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আবুল হোসেন। তিনি বলেন, ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজুলল হক আমিনী এই নীতি বাস্তবায়নে প্রধান অন্তরায়। "আমিনী নীতিমালার ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করছে। তাই আমিনীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।" একই সঙ্গে অবিলম্বে নারী নীতি বাস্তবায়নেও আহ্বান জানান তিনি। জাতীয় নারী মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক জাহানারা বেগম বলেন, সংবিধানে নারী-পুরুষের সমধিকার ও সমমর্যাদার স্বীকৃতি দিয়েছে। এজন্য সরকার সংবিধানের আলোকে নারীর ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নারী উন্নয়ন নীতি ঘোষণা করেছে। সমাবেশ শেষে সেখানে আমিনীর কুশপুত্তলিকা দাহ করার পর বিক্ষোভ মিছিল করেন তারা। সমাবেশ আরো বক্তব্য দেন, মুক্ত শিশু ও নারী শ্রমিক ফোরামের সভাপতি লাভলী ইয়াসমীন, সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের নেত্রী মুর্শিদা বেগম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮৩১ ঘ.