ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও সাবেক নৌমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় রাষ্ট্রপক্ষে আরো তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
ঢাকার পাসপোর্ট কার্যালয়ের উচ্চমান করণিক মো. শফিকুল ইসলাম, টেলিফোন রাজস্ব ভবনের উচ্চমান সহকারী ফিরোজ হোসেন ও টেলিফোন রাজস্ব ভবনের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকী সোমবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেনের কাছে সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য নেওয়া হলো।
বিচারক আগামী ১০ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বলে জানান তিনি।
এর আগে চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের পরিচালক খাদেমুল বাশার এবং ওই প্রকল্পের জ্যেষ্ঠ সহকারী প্রধান হাবিবুর রসুল গত ১৭ এপ্রিল এ মামলায় সাক্ষ্য দেন।
ওইদিন এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক ও মোশারফ হোসেন কাজল জানান, যুক্তরাষ্ট্রে অভিযুক্তদের ব্যাংক হিসেবের বিবরণী তদন্তকারী এফবিআই কর্মকর্তা ডেবরাহ হেপ্রেভেটকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকবেন তারা।
এর আগে সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ ও ওয়াশিংটন ডিসিতে নিয়োজিত বাংলাদেশের সাবেক কনস্যুলার জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল এ কে খালেকুজ্জামান গত ৮ ফেব্র"য়ারি; অ্যটর্নী জেনারেলের ব্যক্তিগত সচিব কবির আহম্মেদ ও কাফরুল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ১৯ জানুয়ারি এবং মামলার বাদী দুদকের উপপরিচালক আবু সাইদ ৪ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য দেন।
২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় কোকো ও সায়মনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন আবু সাঈদ। মামলায় ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
২০০৯ সালের ১২ নভেম্বর এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। কোকো ও সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় গত বছরের ৩০ নভেম্বর।
কোকো বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। আর সায়মন পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জেকে/১৮২৩ ঘ.
bdnews24