ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া এতিমখানা মামলার অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।
আগামি ২৩ জুন এ মামলায় শুনানির তারিখ রেখেছে আদালত।
অভিযোগ গঠনের ওপর হাইকোর্টের রুল এবং আদেশের কপি আদালতে জমা দেওয়ার জন্য আসামি পক্ষের সময় চাওয়ার প্রেক্ষিতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজ্জামেল হোসেন ২৩ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেন সোমবার।
মামলার নথিপত্রে দেখা যায়,এ নিয়ে অভিযোগ গঠনের শুনানি সপ্তম বারের মতো পেছালো।
সোমবার আদালতে খালেদা জিয়ার হাজিরার জন্য সময় চাওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে বলা হয়, তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি।
আর তারেক রহমানের পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের মাধ্যমে বাই এজেন্ট হাজিরা দাখিল করা হয়।
এ সময় মামলার আসামি শরফুদ্দিন আহমেদ, বিএনপির সাবেক কাজী সালিমুল হক কামাল আদালতে উপস্থিত ছিলেন।
তাদের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এবং সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান।
এ মামলার অপর আসামি ড. কামাল উদ্দিন সিদ্দিকী ওবং মোমিনুর রহমান পলাতক রয়েছেন।
জিয়া ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুর্নীর্তি দমন কমিশন।
একই বছরের ৫ অগাস্ট এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭৩৯ ঘ.
bdnews24