কক্সবাজার, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদে নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িত অভিযোগে ৩২ জনের এক বছর করে কারাদণ্ড হয়েছে।
রোববার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন এ সাজা দেন।
শনিবার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পর রাতে ইউনিয়নের ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত ও বিজয়ী প্রার্থীর লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এতে জনতা, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
টেকনাফ থানার ওসি আবুল হাশেমসহ অন্ত ৫০ জন আহত হন।
ওসি আবুল হাশেম সাংবাদিকদের বলেন, পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে।
রোববার তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক টেকনাফের ইউএনও'র কাছে হাবির করা হয়। এরমধ্যে ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।
সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে, বলেন তিনি।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের হারিয়াখালী কেন্দ্রে বিজয়ী সদস্য পদপ্রার্থী কবির আহমদ ও পরাজিত সিদ্দিক আহমদ এবং ৬ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া আলহাজ্ব নবী হোছন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিজয়ী সদস্য পদপ্রার্থী নুর মোহাম্মদ ও পরাজিত মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় তাদের কর্মী-সমর্থকরা দোকানপাট লুট, পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস সেল নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৯ ঘ.
bdnews24