ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার না যাওয়ার ইঙ্গিত আরো স্পষ্ট হয়েছে।
খালেদা সোমবারের বৈঠকে যাচ্ছেন কি না- জানতে চাওয়া হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরাসরি উত্তর না দিয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষ কমিটির পত্রের জবাব তৈরি হয়েছে। অতি দ্রুতই তা বিশেষ কমিটির প্রধান সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পাঠানো হবে।"
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, না যাওয়ার কারণ ব্যাখ্যা করেই ওই চিঠি পাঠানো হচ্ছে।
তবে এ বিষয়ে এখনি কিছু বলতে নারাজ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার সকালে সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে সিদ্ধান্ত যথা সময়ে গণমাধ্যমকে জানানো হবে।"
সংসদীয় বিশেষ কমিটি সোমবার সকাল ১১টায় বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করেছে। গত ২০ এপ্রিল বিশেষ কমিটির পক্ষ থেকে খালেদার কাছে চিঠিও পাঠানো হয়।
বিএনপি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু না বললেও দলের বেশ কয়েকজন নেতাই বিভিন্ন অনুষ্ঠানে বৈঠকে না যাওয়ার কথাই বলে আসছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা নিজেও কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, সরকার তার ইচ্ছা অনুযায়ী সংবিধান পরিবর্তন করতে চায়।
সংসদীয় কমিটির চিঠি পাওয়ার পর বুধবার রাতে পরামর্শ নিতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকও করেন খালেদা।
রোববার আইনজ্ঞদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংসদীয় বিশেষ কমিটি তাদের তিন দিনের ধারাবাহিক বৈঠক শুরু করেছে। মঙ্গলবার শেষ দিনে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসবে তারা।
গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়। সরকারি দলের আহ্বান সত্ত্বেও কমিটিতে নিজেদের অন্তর্ভুক্ত করেনি বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১৯ ঘ.
bdnews24