ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলন গড়ার আগে নিজেদের মধ্যকার বিভেদ ভুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।
খালেদা বলেন, "বর্তমান সরকারের অপশাসন, অযোগ্যতা, ব্যর্থতা ও নিপীড়নে জনগণ ক্ষুব্ধ ও পরিবর্তনের প্রত্যাশায় অধীর। তাদের সংগঠিত করে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা বিএনপির আছে।
"তাই জনগণের এ দুঃসময়ে আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের সব বাদ-বিসম্বাদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।"
সরকারবিরোধী আন্দোলন জোরদারের জন্য কর্মসূচি ঠিক করতে যাচ্ছে বিএনপি। তবে বিভিন্ন স্থানে দলীয় কোন্দলের প্রকাশ ঘটে যাচ্ছে। ঢাকা মহানগরীর কমিটিও এখনো গঠন করতে পারেনি বিএনপি। আর এ প্রেক্ষাপটেই দলীয় নেতাদের বিভেদ ভোলার আহ্বান জানান চেয়ারপারসন।
খালেদা আন্দোলন কর্মসূচির বিষয়ে নির্বাহী কমিটির সদস্যদের মতামত দেওয়ারও আহ্বান জানান।
২০০৯ সালের ৮ ডিসেম্বর পঞ্চম কাউন্সিল ৩৮৬ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠনের পর এটি ওই কমিটির দ্বিতীয় সভা।
গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় নির্বাহী কমিটির সভা শুরু হয়।
উদ্বোধন পর্বে খালেদা ছাড়াও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। দুপুর সাড়ে ১২টায় শুরু হয় রুদ্ধদ্বার সভা।
খালেদা বলেন, "দেশের জনগন বর্তমান সরকারের গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ। কাজেই জনস্বার্থে গৃহীত সব কর্মসূচিতে আমরা জনগণকে পাশে পাবো। যত দিন যাবে, আন্দোলন ও বিজয়ের মূলশক্তি হবে দলের সাংগঠনিক ঐক্য ও জনগণের সমর্থন। আমরা যত দ্রুত ঐক্যবদ্ধ হতে পারবো, ততই আমাদের প্রতি জনসমর্থন বাড়বে।"
দীর্ঘ বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, "দেশের স্বার্থ বিকিয়ে প্রতিবেশী দেশ ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করে যারা লাভবান হয়েছে, তাদের আগামীতে কাঠগড়ায় দাঁড় করা হবে।"
ক্ষমতায় গেলে পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের বিচার করাও ঘোষণা দেন তিনি।
দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে খালেদা বলেন, "প্রশাসন ও বিচার বিভাগকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিচারবহির্ভূত হত্যা, গুপ্ত হত্যা ও মানুষ গুম করার মতো নৃশংসতা।"
নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার উল্লেখ করে এরও সমালোচনা করেন তিনি।
খালেদা বলেন, "এখন আর প্রতিবাদ করলে চলবে না। জনগণকে সঙ্গে নিয়ে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, "নানা প্রতিকূলতার মধ্যেও দল এগিয়ে যাচ্ছে। ৪৩টি জেলা কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। ১০টি বাকি রয়েছে। আশা করি, আগামী এক মাসের মধ্যে সবগুলো জেলা কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হবে।"
অনুষ্ঠানে মঞ্চে ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য আরএ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া।
নির্বাহী কমিটির ৩৮৬ জন সদস্য ছাড়াও সহসভাপতি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও ৭৪ সাংগঠনিক জেলা কমিটির সভাপতিরা সভায় রয়েছেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
সভার শুরুতেই দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মীর শওকত আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লন্ডনপ্রবাসী কমরুদ্দিন আহমেদসহ স
bdnews24