২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-কোকোর মামলা 'প্রধানমন্ত্রীর নির্দেশনা আদালত অবমাননার শামিল'

তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আদালত 'অবমাননার শামিল' বলে মনে করেন মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আদালত 'অবমাননার শামিল' বলে মনে করেন মওদুদ আহমদ। শুক্রবার রাতে গুলশানের নিজ বাসভবনে এক জরুরি প্রেস ব্রিফিঙে তিনি আরো বলেন, "তারেক-কোকোর বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলাটির কার্যক্রম বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত রেখেছে। "তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা কেবল আদালতে হস্তক্ষেপই নয়, এক অর্থে আদালত অবমাননার শামিল।'' এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এও দাবি করেন যে, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর বিদেশে কোনো ব্যাংক হিসাব নেই। তাদের বিরুদ্ধে মামলাটি 'মিথ্যা' ও 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'। সাবেক এই আইনমন্ত্রী প্রশ্ন রাখেন- "যাদের বিদেশে ব্যাংক হিসাব নেই- তারা কীভাবে অর্থ পাচার করেন?" প্রেস ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো পলাতক রয়েছেন। আইন প্রতিমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মওদুদ বলেন, এটা ভিত্তিহীন বক্তব্য। তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সরকারের অনুমতি ও উচ্চ আদালতের জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশে আছেন। চিকিৎসা শেষ হলে আইনগতভাবে তারা দেশে ফিরে আসবেন। "কোকোর প্যারোলের বিষয়টি উচ্চ আদালতে বিবেচনাধীন রয়েছে। তাই আইন প্রতিমন্ত্রীর বক্তব্যের কোনো সত্যতা নেই", যোগ করেন এই বিএনপি নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪৪ ঘ.