২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীকে আরো গণতন্ত্রী হতে হবে: ব্যারিস্টার রফিক

রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন না হলে কেবল সংবিধান সংশোধন করে লাভ নেই- এ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন না হলে কেবল সংবিধান সংশোধন করে লাভ নেই- এ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হক। শুক্রবার বিকালে এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। ব্যারিস্টার রফিক-উল হক বলেন, "আমাদের রাজনীতির ধারায় পরিবর্তন না আসলে গণতন্ত্র সুসংহত হবে না। [প্রধান দুই রাজনৈতিক দলের] দুই নেত্রীকে আরো গণতন্ত্রী হতে হবে। আমাদের মন-মানসিকতায় পরিবর্তন আনতে হবে।'' মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ 'বাংলাদেশের সংবিধান: ইস্যুজ ও চ্যালেঞ্জেস' শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজ (সিএনএস)। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সাবিহ উদ্দিন আহমেদ । ব্যারিস্টার রফিক বলেন, "বিচার বিভাগকে অবশ্যই নির্বাহী বিভাগ থেকে দূরে রাখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিচারকদের প্রধান উপদেষ্টা করার বিধানের কারণে নির্বাহী বিভাগের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এটা ঠিক নয়। অবশ্যই বিচার বিভাগকে এর উর্ধ্বে রাখতে হবে।'' তিনি জানান, সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে রোববার বৈঠক রয়েছে। সেখানে তিনি মতামত দেবেন। তবে প্রবীণ এই আইনজীবী প্রস্তাব করেন যে, জাতীয় বিভিন্ন ইস্যুতে সৃষ্ট বিতর্ক নিরসনে সংসদের একটি উচ্চ কক্ষ থাকা প্রয়োজন। তবে এই প্রস্তাবে রাজনীতিকরা একমত হবেন না বলে তার ধারণা। তিনি মনে করেন, আদালতের রায় দিয়ে সামরিক শাসন বন্ধ করা যাবে না। সামরিক শাসন বন্ধ করতে হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। সাবেক আইন মন্ত্রী মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকার সংবিধান সংশোধন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। একদিকে পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে খসড়া সংবিধান মুদ্রণ করেছে। অন্যদিকে পঞ্চম সংশোধনীর রায়ের মার্জনার বিষয়গুলো বাদ দেওয়ার জন্য রিভিউ পিটিশন করেছে। তিনি প্রশ্ন রাখেন- আদালত কর্তৃক সংশোধিত আকারে সংবিধান মুদ্রণ হলে বিশেষ কমিটি কেন সংবিধান সংশোধন করতে চায়। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশে অবশ্যই সংবিধান আছে। এটা কেউ বিলুপ্ত করেনি। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছুই নেই। তিনি জানান, সংবিধানে 'বিসমিল্লাহ' ও 'রাষ্ট্রধর্ম ইসলাম' থাকবে। তবে ধর্মনিরপেক্ষতা সংযোজন করা হবে। এ প্রসঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এজন্য ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষ কমিটির এই সদস্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকার পক্ষে মত প্রকাশ করে বলেন, ধর্মীয় সংগঠন আর ধর্মনিরপেক্ষতার মধ্যে কোনো বিরোধ নেই। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ বলেন, দেশের বাস্তবতার নিরিখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। সংবিধানে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ বলা হলেও বাস্তবে দেখা যায়, সাংসদদের ক্ষমতা বেশি। সংসদের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছর করার প্রস্তাব করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন অধ্যাপক বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ এম কে আনোয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক আতাউস সামাদ, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, শওকত মাহমুদ, সাবিহ উদ্দিন আহমেদ, সাবেক সচিব জহিরুল ইসলাম, হায়দার আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ এতে উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি ও চীনা দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪৫ ঘ.