ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির চিঠির বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে দেড় ঘন্টা বৈঠকের পর তা মুলতবি করা হয়।
বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, "বিশেষ কমিটির পাঠানো চিঠি নিয়ে আমরা আলোচনা-পর্যালোচনা করছি। আজ (বৃহস্পতিবার) বৈঠকটি মুলতবি করা হয়েছে।"
"এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা পরবর্তিতে জানানো হবে", যোগ করেন তিনি।
সংসদীয় বিশেষ কমিটি আগামী রোববার সকাল ১১টায় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদার সঙ্গে বৈঠকে বসার সময়সূচি নির্ধারণ করেছে। বুধবার বিশেষ কমিটির পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার কাছে চিঠিও পাঠানো হয়।
এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নিতে রাত সাড়ে ৯টার দিকে গুলশানের কার্যালয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া। বৈঠক চলে রাত ১১টা পর্যন্ত।
এতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি টি এইচ খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল জেড এ মোহাম্মদ আলী, সাবেক মন্ত্রী আমীনুল হক, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক অংশ নেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের ওই সংসদীয় বিশেষ কমিটিতে বিএনপিকে অন্তর্ভুক্ত করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২৫ ঘ.
bdnews24