ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটির ডাকে সাড়া দেবেন কি না- সে সিদ্ধান্ত নিতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান উপস্থিত আছেন।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি টি এইচ খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল জেড এ মোহাম্মদ আলী, সাবেক মন্ত্রী আমীনুল হক, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক অংশ নিচ্ছেন।
সংসদীয় বিশেষ কমিটি আগামী রোববার সকাল ১১টায় সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসার সময়সূচি নির্ধারণ করেছে। এজন্য চিঠিও পাঠানো হয়েছে।
বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ওই বৈঠকে অংশ না নেওয়ার ইঙ্গিত দিলেও এ ব্যাপারে দলের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।
খালেদা জিয়া বুধবার সাংবাদিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অভিযোগ করেন, সরকার নিজের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে চাইছে।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের ওই সংসদীয় বিশেষ কমিটিতে বিএনপিকে অন্তর্ভুক্ত করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২৭ ঘ.
bdnews24