ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস-বিদ্যুৎ সঙ্কট নিরসন না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার হটানোর হুঁশিয়ারি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার বিকালে রাজধানীতে এক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, "গ্যাস-বিদ্যুৎ দিন, নইলে ক্ষমতা ছেড়ে দিন। তা না হলে ধীরে ধীরে আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যাতে সরকার পদত্যাগে বাধ্য হয়।''
গ্যাস সঙ্কট নিরসনের দাবিতে দলের ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তাঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয়।
এর আগে সকালে ঢাকাসহ সারাদেশে সমাবেশ, মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করে বিএনপি। বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল এবং সমাবেশে পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছেন। দুজনকে গ্রেপ্তারও করা হয়।
ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সকালে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হকের কাছে স্মারকলিপি দেন।
গত ৬ এপ্রিল মধ্যবর্তী নির্বাচনসহ জনদুর্ভোগ নিরসনের দাবিতে প্রধান বিরোধী দল পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করে।
দলের অন্য কর্মসূচি হচ্ছে- বিদ্যুৎ সমস্যার সমাধান দাবিতে ২৪ এপ্রিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৬ এপ্রিল ও পুঁজিবাজারে কারসাজির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ৫ মে দেশব্যাপী সমাবেশ-মিছিল ও স্মারকলিপি পেশ।
এছাড়া মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে ঢাকাসহ সারাদেশে সমাবেশ-মিছিল করবে বিরোধী দল।
গ্যাস-বিদ্যুৎ সঙ্কট নিরসনের দাবিকে 'গণদাবি' আখ্যায়িত করে মওদুদ দাবি করেন যে, আড়াই বছরেও সরকার জনগণের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি। মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
সংবিধান সংশোধন নিয়ে সরকার 'ছেলেখেলা' করছে অভিযোগ করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, সরকার সংবিধানে কী সংশোধনী আনতে চায়- তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে সরকারের উদ্যোগ দুরভিসন্ধি ছাড়া আর কিছুই নয়।
সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কথিত ব্যর্থতার সমালোচনা করেন।
তিনি বলেন, প্রতিদিন তারা (সরকার) দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। এ সরকার বেশিদিন থাকলে মানুষ চরম দুর্ভিক্ষের কবলে পড়বে। তাই দুর্বার আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।
দেশবাসীকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান মির্জা ফখরুল।
সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, সহ-সভাপতি রাজিয়া ফয়েজ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ পরিচালনা করেন, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১২ ঘ.
bdnews24