ঝিনাইদহ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় হাট ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে শৈলকুপা বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত দু'জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, উপজেলার ফাজিলপুর হাট ইজারার জন্য বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদে টেন্ডার দাখিল করতে যায় আওয়ামী লীগের একটি পক্ষ।
এসময় সেখানে অপেক্ষমান অপর একটি পক্ষ টেন্ডারের কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
উপস্থিত পুলিশ সংঘর্ষ থামাতে গেলে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন আহত হন বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের সমর্থকরা পুলিশের সামনেই ঢাল, শরকি, রামদা ও লাঠি নিয়ে শহরে মহড়া দিচ্ছে।
শৈলকুপায় উত্তেজনা বিরাজ করছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৪৯ ঘ.
bdnews24