২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএনপির সমাবেশে ছাত্রদলকর্মীদের মারামারি

সিলেটে বিএনপির সমাবেশে ছাত্রদলের দুই পক্ষে মারামারির ঘটনায় জেলা ছাত্রদলের সহ সম্পাদক ইফতেখার হোসেন দিনারসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

সিলেট, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বিএনপির সমাবেশে ছাত্রদলের দুই পক্ষে মারামারির ঘটনায় জেলা ছাত্রদলের সহ সম্পাদক ইফতেখার হোসেন দিনারসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। শনিবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ চলাকালে চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের পুরান লেন পক্ষ ও জিন্দাবাজার পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা একে অন্যকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে। এ সময় মারামারি থামাতে যেয়ে আহত হন দিনার। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দেয় বিএনপি। দিনারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুরান লেন পক্ষের নেতৃত্বদানকারী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী খালেদ বলেন, "সমাবেশে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে সামান্য হট্টগোল হয়েছে।" জিন্দাবাজার পক্ষের নেতা দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, পুরান লেন পক্ষের নেতা-কর্মীরা ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৪৪ ঘ.