ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি আমিনীর ছেলে নিখোঁজ হওয়ার পেছনে সরকারের হাত রয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "বিএনপি মনে করে, আবুল হাসনাতকে সরকারি নির্দেশে অপহরণ করা হয়েছে। একই কায়দায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগে চৌধুরী আলমসহ অনেক বিরোধী নেতা-কর্মীকে গুম করেছে।"
বিএনপির জোট শরিক ইসলামী ঐক্যজোটের নেতা আমিনীও এর আগে অভিযোগ করেন, তার ছেলে হাসনাতকে সরকারি নির্দেশে অপহরণ করা হয়েছে।
হাসনাত গত ১০ এপ্রিল থেকে নিখোঁজ। ধোলাইখাল এলাকার টিপু সুলতান রোড থেকে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ে লোক। আমিনীর দাবি, অপহরণকারীরা সরকারি কোনো গোয়েন্দা সংস্থার সদস্য।
একই কায়দায় কয়েক মাস আগে ঢাকার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম নিখোঁজ হন। তবে তাকে অপহরণের অভিযোগও প্রত্যাখ্যান করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ফখরুল বলেন, "আওয়ামী লীগ সরকারের অন্যায় ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে অনমনীয় আন্দোলনের কর্মসূচি আমিনী চালিয়ে যাচ্ছেন বলেই তার ছেলেকে অপহরণ করা হয়েছে।"
"দেশে তুঘলকি শাসন চলছে। পুলিশ ও নিজেদের পোষ্য যুবলীগ, ছাত্রলীগের পশুশক্তি দিয়ে বিরোধী দলের ওপর নিপীড়ন চলছে। এর পরিণতি শুভ হবে না", সরকারকে হুঁশিয়ার করেন বিএনপি নেতা।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শনিবার বিএনপির কর্মসূচি পালনে বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
ফখরুল বলেন, ঝিনাইদহে সকালে আমাদের ২৫ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছে।
নয়া পল্টনে এ সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।
সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, মৎস্যজীবী দলের সভাপতি মাহতাব উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১০ ঘ.
bdnews24