২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে স্বনির্ভর হতে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরনির্ভরশীলতা কাটিয়ে খাদ্যে আত্মনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরনির্ভরশীলতা কাটিয়ে খাদ্যে আত্মনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিতে ভর্তুকি দেওয়ার বিষয়টি উল্লেখ করে খাদ্য উৎপাদনে আত্মনির্ভরশীল হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। কৃষিগবেষকদের গবেষণাধর্মী কাজে আরো মনোযোগী হতেও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মান্নান আখন্দের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা খাদ্যে নির্ভরতা কমানোর বিষয়ে গুরুত্ব দেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। আবুল কালাম বলেন, "প্রধানমন্ত্রী খাদ্যাভাস পরিবর্তন করে সুষম খাদ্যের ওপর জোর দিয়েছেন। গম ও ভুট্টা চাষ বাড়াতে বলেছেন তিনি।" নির্দিষ্ট এলাকায় কম খরচে বেশি ফসল কীভাবে উৎপাদন করা যায়, তা খুঁজে বের করতেও গবেষকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এসব এলাকাকে শস্য এলাকা হিসেবে গড়ে তোলার পরামর্শও দেন তিনি। যারা গবেষণাধর্মী কাজ করেন তাদের অবসরের বয়সসীমা কিছুটা শিথিল করার বিষয়টি বিবেচনার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা তাদের কিছু সমস্যার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা ধৈর্য ধরে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭০০ ঘ.