ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল নেতা হাবিবুর রশীদ হাবিব হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ছাত্রদলের কয়েকজন নেতা।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে দেখা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, শহীদুল ইসলাম বাবুল, হায়দার আলী লেলিন, আমিরুজ্জামান শিমুল।
তারা গত ৮ এপ্রিল কেরানীগঞ্জে বিএনপি সম্মেলনে 'পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের' হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ সব দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ৫ এপ্রিল সকালে রাজধানীর শান্তিনগরের কাছে একদল সন্ত্রাসী হাবিবকে গুলি করলে তিনি গুরুতর আহত হন। তিনি বর্তমানে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রদল নেতারা বলেন, ঘটনার পাঁচদিন পরও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তাার বলেন, এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগনেতা গোলাম শাহরিয়ার কবির মুক্তাকে আসামি করে পল্টন থানায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।
এদিকে হাবিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।
নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুলের নেতৃত্বে একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা হয়। মিছিলটি বিজয় নগর পানির ট্যাংকের কাছে পুলিশ থামিয়ে দেয়। সেখানে ছাত্রদল নেতা-কর্মীরা অবস্থান নিলে বিজয়নগর ও কাকরাইল সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরে আমিরুল ইসলাম খান আলিম, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল, সহসভাপতি হায়দার আলী লেলিন, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও সাংগঠনকি সম্পাদক আনিসুজ্জামান তালুকদার খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএম/পিডি/২১৫৪ ঘ.
bdnews24