২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআর নিয়ে জনভীতি দূর করতে হবে: মুহিত

জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে জনগণের মাঝে একটি 'ভীতি' আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, প্রতিষ্ঠানটি এমনভাবে গড়তে হবে যেন জনগণ ভয় না পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে জনগণের মাঝে একটি 'ভীতি' আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, প্রতিষ্ঠানটি এমনভাবে গড়তে হবে যেন জনগণ ভয় না পায়। মঙ্গলবার রাজধানীতে এক কর্মশালায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আয়কর ও ভ্যাট দিতে মানুষ উৎসাহী হয় এমন কর্মসূচি নিতে হবে। কর্মশালায় একজন বক্তার প্রশ্নের জবাবে মুহিত বলেন, আয়কর ফাঁকি দেওয়ার জন্য একজন ব্যক্তির (আয়করদাতা) কাছে এনবিআরের তদন্ত কর্মকর্তা গেলে তিনি ভয় পেয়ে যান। তাই তদন্ত কর্মকর্তার পরিবর্তে অডিটর নিয়োগ দেওয়া হলে আয়করদাতা মানসিকভাবে কিছুটা প্রশান্তি পাবে। 'চ্যালেঞ্জ ও উত্তরণে সংস্কার কর্মসূচি' শিরোনামের এ কর্মশালা আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থমন্ত্রী বলেন, এনবিআরকে শক্তিশালী ও আধুনিক করতে এর আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে। "বিদ্যমান আইনে ভ্যাট অনাদায়ে যে শাস্তি আছে তাও কিছুটা কমিয়ে আনা হবে।" কর্মশালায় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আহম মুস্তফা কামাল বলেন, দেশের প্রত্যেক মানুষকে আয়করের আওতায় আনতে হবে। মানুষ কর দিতে ভয় পায় তিন কারণে- এনবিআরের কর্মকর্তাদের, কর দেওয়ার পদ্ধতি এবং এর উচ্চ হার। "করের সীমা সহনীয় পর্যায়ে থাকলে সবাই কর দিতে উৎসাহী হবেন।" ব্যবসায়ীরা দেশের অর্থনীতিকে সচল রাখে উল্লেখ করে মুস্তফা কামাল অভিযোগ করেন, আয়করের মামলা দিয়ে ব্যবসায়ীদের অসম্মান করা হয়। ব্যবসায়ীদের অপমান করা হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তিনি বলেন, "উন্নয়নের জন্য রাজস্ব আয় বাড়ানো, বিদ্যামান সম্পদের মালিকানা ও আয় বৈষম্য হ্রাসে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এনবিআরের বিকল্প নেই। তাই আইনি ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন।" কর্মশালায় আরো বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক এমকে মুজেরী, এফবিসিসিআইর প্রতিনিধি এমএ সিদ্দিকী, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ, অর্থনীতিবিদ সাজ্জাদ জহির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/পিডি/১৮৫৪ ঘ.