ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসানাত 'নিখোঁজের ঘটনায়' সোমবার থানায় জিডি করেছেন তার এক আত্মীয়।
সোমবার সকালে আবুল হাসানাতের ভগ্নিপতি যুবায়ের আহমেদ সূত্রাপুর থানায় একটি সাধারল ডায়েরি (জিডি) করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম।
জিডির উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, সাধারণ ডায়েরিতে যুবায়ের হোসেন উল্লেখ করেছেন, রোববার সকাল সাড়ে ১১টার দিকে তার শ্যালক আবুল হাসনাত, দুই বন্ধু রায়হান খান ও হুমায়ন কবির ধোলাইখালে গাড়ি মেরামত করতে যান।
"তারা ওই সময় টিপু সুলতান রোডের একটি মিষ্টির দোকানে বসে নাস্তা খাচ্ছিলেন। তখন ছাই রঙের একটি জিপ গাড়ির ভেতর থেকে কয়েকজন লোক বের হয়ে আবুল হাসনাতকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।"
গাড়ির লোকজন দুই বন্ধুর মোবাইল সেটও নিয়ে যায় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
তবে জিডিতে তিনি গোয়েন্দা পুলিশের কথা উল্লেখ করেননি বলে ওসি জানান।
সোমবার বিকাল ৫টায় পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ শাখা) মাসুদুর রহমান বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল হাসানাতকে কোনো সংস্থা গ্রেপ্তার করেনি।
রোববার হাসনাতের পরিবারের অভিযোগ, তাকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গেছে।
ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর ছোট ছেলে হাসনাত। তিনি চার বোন দুই ভাইয়ের মধ্যে চতুর্থ।
হাসনাতকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করা হয়েছে বলে রোববার সন্ধ্যায় অভিযোগ করেন দলটির প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯১৮ ঘ.
bdnews24