২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী-মুজাহিদকে জিজ্ঞাসাবাদের আদেশ সংশোধনের আবেদন

একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে দেওয়া ট্রাইব্যুনালের আদেশ সংশোধনের আবেদন করেছে তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে দেওয়া ট্রাইব্যুনালের আদেশ সংশোধনের আবেদন করেছে তদন্ত সংস্থা। রোববার প্রসিকিউশন টিমের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন করা হয় বলে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর এ দুই নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলাদাভাবে একদিন করে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেয়। আর জিজ্ঞাসাবাদের দিনক্ষণ ঠিক করবেন তদন্ত কর্মকর্তারা। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারকে একটি বিশেষ কক্ষও নির্ধারণ করতে বলে ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে তা দেখতে আইনজীবীদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়। তবে তারা কিছু শুনতে পারবেন না। সৈয়দ হায়দার আলী বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তদন্ত সংস্থাকে জানিয়েছে, ট্রাইব্যুনালের আদেশে দেওয়া শর্তাবলী মানার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা সেখানে নেই। তাই ওই আদেশ সংশোধন করে তদন্ত সংস্থার জন্য সরকারের বরাদ্দ করা ধানমণ্ডির বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আবেদন পেয়েছি। আগামী ১৩ এপ্রিল এ বিষয়ে শুনানি হবে।" গত ৫ এপ্রিল নিজামীকে জিজ্ঞাসাবাদের আবেদন আদালতে উপস্থাপন করেন প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান। আর মুজাহিদকে জিজ্ঞাসাবাদের আবেদন উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। শুনানিতে অংশ নিয়ে দুই প্রসিকিউটর আদালতকে জানান, ধানমণ্ডির একটি বাড়িকে সরকার 'নিরাপদ বাড়ি' ঘোষণা দিয়ে তদন্ত সংস্থার জন্য বরাদ্দ দিয়েছে। ওই বাড়িতে এই দুই জামায়াত নেতাকে জিজ্ঞাসবাদের জন্য তারা আদালতের অনুমতি প্রার্থনা করেন। তারা বলেন, এই দুই অভিযুক্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইন-১৯৭৩ অনুযায়ী মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আন্তর্জাতিক আইন স্বীকৃত অন্যান্য অপরাধ সংঘটনে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এখন চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পরে অভিযুক্তদের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ও মুন্সী আহসান কবির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিরোধিতা করেন। এক পর্যায়ে তারা বলেন, জিজ্ঞাসাবাদের একান্ত প্রয়োজন হলে সেটা যেন ওই বাড়িতে না করা হয়। তারা ওই বাড়িটিকে তাদের মক্কেলের জন্য নিরাপদ নয় বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ২৩ মার্চ নিজামী, মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। ২৭ মার্চ আদালত জিজ্ঞাসাবাদের স্থান জানানোর নির্দেশ দিয়ে নিজামীর বিষয়ে করা আবেদনের শুনানি ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি হবে আগামী ১৯ এপ্রিল। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের পাঁচ শীর্ষ নেতাসহ দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে। এদের মধ্যে জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২৩৩০ঘ.