২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী পৌর নির্বাচন: আ'লীগ-বিএনপির দাবি

নোয়াখালী পৌর নির্বাচনে স্থগিত কেন্দ্রের মধ্যে ১৪টিতে পুনরায় ভোট গ্রহণের সময় বিশেষ নিরাপত্তার দাবি করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

নোয়াখালী, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী পৌর নির্বাচনে স্থগিত কেন্দ্রের মধ্যে ১৪টিতে পুনরায় ভোট গ্রহণের সময় বিশেষ নিরাপত্তার দাবি করেছে আওয়ামী লীগ। অন্যদিকে স্থগিত হওয়া ১৭টি কেন্দ্রেই পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। রোববার আওয়ামী লীগ ও বিএনপি জেলা শহর মাইজদীতে পৃথক সংবাদ সম্মেলনে এসব দাবি করে। দুপুরে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন হয় দলীয় কার্যালয়ে। সম্মেলনে নেতারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃস্টির লক্ষ্যে তালিকাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেছেন। তারা কেন্দ্রে সেনা, র‌্যাব ও পুলিশের বিশেষ নিরাপত্তা দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী গোলাম মহিউদ্দিন লাতু। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনাম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন কিরন, সদর উপজেলা পরিষদ চেয়াম্যান শিহাব উদ্দিন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি সংবাদ সম্মেলন করে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের বাসভবনে। তারা স্থগিত ১৭টি কেন্দ্রেই পুনরায় ভোটগ্রহণসহ কমিশনের প্রতি দশদফা দাবি জানান। দাবিগুলো হল- স্থগিত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সময় একজন নির্বাচন কমিশনার উপস্থিত থাকা, নির্বাচন কমিশন সচিবালায়ের কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া, নতুন রংয়ের ব্যালটের ব্যবস্থা করা, জেলার বাইরে থেকে প্রিসাইডিং অফিসার নিয়োগ, জেলার বাইরের পুলিশ কর্মকর্তাদের নিয়োগ, প্রত্যেক কেন্দ্রে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, প্রত্যেক কেন্দ্রে সেনা ও র‌্যাব মোতায়েন, ভোটকেন্দ্র এলাকার বাইরের বহিরাগতদের গ্রেপ্তার, দেওয়াল ঘড়ি প্রতীকের কর্মী-সমর্থক, এজেন্টকে মিথ্যা মামলায় হয়রানি ও গ্রেপ্তার না করা এবং দায়িত্বশীল কর্মকর্তার উপস্থিতিতে প্রত্যেক কেন্দ্রের ফলাফল গণনা ও ঘোষণা করা। সংবাদ সম্মেলনে বিএনপি'র কেন্দ্রীয় যুগ্মহাসচিব মো: শাহজাহান বলেন, এই নির্বাচন নিয়ে সরকার বা প্রশাসনের চক্রান্ত-ষড়যন্ত্রের দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। গত ১৮ জানুয়ারি নোয়াখালী পৌরসভায় নির্বাচন চলাকালে ব্যালট ছিনতাই, নির্বচনী কর্মকর্তাদের মারধর করাসহ বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগে ২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে কমিশনের নিজস্ব এবং বিচার বিভাগীয় তদন্তের পর ১৪টি কেন্দ্রে আগামী ১৬ এপ্রিল ভোট গ্রহণের তারিখ ধার্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.