ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসেই পদ্মা সেতুর চূড়ান্ত দরপত্র ডাকা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
রোববার রাজধানীয় একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় মন্ত্রী বলেন, ঋণদাতা সংস্থাগুলো ইতোমধ্যে ২৬৫ কোটি ডলার দেওয়ার নিশ্চয়তা দিয়েছে।
এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত বাস-র্যাপিড-ট্রানজিট (বিআরটি) পদ্ধতি চালু করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে নদীশাসনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে আবুল হোসেন বলেন, "যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং পুনর্বাসন পল্লীর অবকাঠামো নির্মাণের কাজও শেষের দিকে।"
মন্ত্রী জানান, ঢাকা মহানগরীর যানজট নিরসনে প্রস্তাবিত বিআরটি নির্মাণে ১৯ কোটি ডলার ব্যয় হবে। এডিবি এ প্রকল্পে সাড়ে ১২ কোটি ডলার দিতে রাজি হয়েছে। বাকি অর্থ অন্যান্য সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হবে।
এ প্রকল্পের আওতায় এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত বাস চলাচলের জন্য একটি আলদা লেন করা হবে। এ লক্ষ্যে ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে চুক্তি হবে আগামী বছরের জানুয়ারি মাসে। এর আগেই নকশা ও দরপত্র চূড়ান্ত করা হবে।
ঢাকা মহানগরীর চাহিদা পূরণে সরকার কয়েকটি প্রকল্পের সমন্বয়ে ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট অথরিটি বা ডিএমটিএ নামের একটি সংস্থা গঠন করতে যাচ্ছে বলেও আবুল হোসেন জানান।
এয়ারপোর্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত ২৬ কিলোমিটার উড়াল সড়কের কাজ চলতি এপ্রিল মাসেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কুড়িল, সেনানিবাসের ওপর দিয়ে মিরপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইওভার, বনানী রেলক্রসিং-এ ওভারপাস ও 'মেয়র হানিফ ফ্লাইওভারের' কাজ চলছে।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহাবউদ্দিন, এডিবির নগর পরিবহন বিশেষজ্ঞ ডেভিড মার্গনস্টার্ন, ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট করিডোর প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৯০০ ঘ.
bdnews24