শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ সরকারকে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চিঠি পাঠানোর ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান অব্যাহতি চেয়েছেন।
এদিকে প্রতিবেদন দেওয়ার নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পরও কাজ শুরু করতে পারেনি কমিটি।
গত ১৫ মার্চের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, তদন্ত কমিটি গঠনের বিষয়টি তিনি জানেন না।
কমিটি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী 'অন্যান্য কাজের' চাপের কথা বলে তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন ।
গত ১ মার্চ কারাগারে আটক বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের চিঠি পাঠানো এবং সংসদে যোগ দেওয়ার বিষয়ে আবেদন পাঠানোর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ওই কমিটি গঠন করা হয়।
ইকবাল খানকে আহ্বায়ক করে গাজীপুরের ডিসি কামালউদ্দিন তালুকদার ও স্পেশাল ব্রাঞ্চের একজন প্রতিনিধিকে সদস্য করা হয় ওই কমিটির। কারাগারে থেকেও সাকা কীভাবে চিঠি লিখেছেন তা খতিয়ে দেখতে বলা হয়েছিলো তাদের।
প্রজ্ঞাপন জারি করে দুই সপ্তাহ অর্থাৎ ১৫ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়ও বেঁধে দেওয়া হয়েছিলো।
ইকবাল খান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি গত ২৫ মার্চ কমিটি থেকে অব্যাহতি চেয়ে স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করেছেন।
"অতিরিক্ত কাজের চাপে এ কমিটির কাজ করা সম্ভব হচ্ছে না। তাই পদত্যাগের চিঠি দিয়েছি।"
অবশ্য এর আগে গত ১৫ মার্চ এক সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার ঘোষণা দিয়েছিলেন এই কর্মকর্তা।
সে সময় তিনি বলেছিলেন, সংসদে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়ে সালাহউদ্দিন কাদের স্পিকারকে যে চিঠি পাঠিয়েছেন তাতে কারা কর্তৃপক্ষের স্বাক্ষর আছে।
সেদিন তিনি জানান, ব্রিটিশ সরকারকে লেখা যে চিঠি অবলম্বনে ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ানে প্রতিবেদন প্রকাশ হয়েছিলো সেটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি গঠন করে দিলেও এ বিষয়ে কিছুই জানেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
এক প্রশ্নের জবাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে আমি এখনো অবগত হইনি। খোঁজ নিয়ে পরে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/পিডি/২২৪৩ ঘ.
bdnews24