২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন 'জনগণকে পাশ কাটিয়ে অন্যদের দায়িত্ব দিলে মানবো না'

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সংবিধান সংশোধনে জনগণকে পাশ কাটিয়ে সংসদ, বিচার বিভাগ কিংবা কোনো বিশেষ কমিটিকে এই দায়িত্ব দেওয়া হলে তা মেনে নেবে না বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সংবিধান সংশোধনে জনগণকে পাশ কাটিয়ে সংসদ, বিচার বিভাগ কিংবা কোনো বিশেষ কমিটিকে এই দায়িত্ব দেওয়া হলে তা মেনে নেবে না বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আইনজীবীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান প্রবর্তন করেন উল্লেখ করে খালেদা অভিযোগ করেন, "সেই বিধান এখন তুলে দেওয়া হচ্ছে। জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে অন্য কাউকে সেই ক্ষমতা দেওয়া হলে তা আমরা মেনে নিতে পারি না।" সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটিকে 'একদলীয়' অভিহিত করে বিরোধী দলীয় নেতা বলেন, "এই কমিটি নানা রকম স্বেচ্ছাচারিতা করেই যাচ্ছে। তারা বলছেন, সংবিধানের নতুন একটি খসড়া প্রণয়ন করেছেন। আমরা জানতে চাই- এই খসড়া কেন? তা হলে কি মূল সংবিধান বাতিল হয়ে গেছে?" কোনো খসড়া সংবিধান দিয়ে দেশ চলতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। সেইসঙ্গে বিএনপি চেয়ারপারসন আবারো মধ্যবর্তী নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, "এই অবস্থার উত্তরণে কঠিন আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে।'' রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রার্থী খন্দকার মাহবুব হোসেন সভাপতি ও মো. বদরুদ্দোজা বাদল সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১১টিতে জয়ী হন। ওই নির্বাচনে সহ সভাপতির একটিসহ তিনটি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হন। সরকার সমর্থক এ প্যানেলের নেতৃত্বে ছিলেন আব্দুল বাসেত মজুমদার ও এসএম আবুল হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়াকে ফুল দিয়ে বরণ করেন আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন সংবিধান সংশোধনে সরকারি উদ্যোগের সমালোচনা করে বলেন, "সরকার মুখে বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও তারা সং্িবধান সংশোধনের নামে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান তুলে দিয়ে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে একদলীয় বাকশাল পদ্ধতির আমলের এই বিধান তারা ফিরিয়ে এনে বিচার বিভাগের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য পুরোপুরি খর্ব করতে চাইছে। যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলে দাবি করেন বিরোধী দলীয় নেতা। তিনি অভিযোগ করেন, তথাকথিত এই ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিনাবিচারে আটক রাখার ফাঁদ সৃষ্টি করেছে সরকার। এর মাধ্যমে বিরোধী দলকে দমনের অপচেষ্টায় সরকার লিপ্ত রয়েছে। "সরকারি দলে অনেক চিহ্নিত যুদ্ধাপরাধী রয়েছে। তাই যুদ্ধাপরাধের বিচার শুরু করতে হলে তাদেরকে ঘর থেকেই তা শুরু করতে হবে। আমরা যুদ্ধাপরাধীসহ সব অপরাধেই বিচার চাই। কিন্তু বিচারের নামে প্রহসন করে বিরোধী দলকে দমনের অপচেষ্টার বিরোধী আমরা", যোগ করেন খালেদা। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী আরো অভিযোগ করেন, সরকারের প্রধান আইন কর্মকর্তা প্রতিনিয়ত প্রকাশ্যে আদালতে বিচারকদের হুমকি দিয়ে চলছেন। আদালতকে ডিকটেট করছেন। বিচারক নিয়োগে কথিত দলীয়করণেরও অভিযোগ তোলেন খালেদা জিয়া। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী টি এইচ খান, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, নাজমুল হুদা, শাহজাহান ওমর, আমীনুল হক, গিয়াস উদ্দিন, এ বি এম নুরুল ইসলাম, জসিম উদ্দিন সরকার, জয়নুল আবেদিন, জিয়াউর রহমান খান, নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক বদরুদ্দোজা বাদল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্র্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, আইনজীবী নাসির উদ্দিন অসীম, কায়সার কামাল ও রুহুল কুদ্দুছ কাজল। অনুষ্ঠানে দর্শক সারিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২০ ঘ.