২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাড়ে ৩ হাজার ইউপি নির্বাচনের তফসিল চলতি মাসে'

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় পর্বে সাড়ে তিন হাজারেরও বেশি ইউপির নির্বাচনের তফসিল চলতি মাসে ঘোষণা হবে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় পর্বে সাড়ে তিন হাজারেরও বেশি ইউপির নির্বাচনের তফসিল চলতি মাসে ঘোষণা হবে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার জানান, প্রথম পর্বের নির্বাচনের মতো তিন ধাপে এসব ইউপিতে নির্বাচন হবে। "এসব ইউপিতে ভোটগ্রহণের দিন নির্ধারিত হবে বিভাগওয়ারি।" প্রথম দফায় গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত পাঁচশ ৫৩ ইউপি'র নির্বাচন শেষ হয়। সাখাওয়াত জানান, মে মাসের শেষ দিকে শুরু করে জুন মাসের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এ লক্ষ্যে চলতি মাসের তৃতীয় সপ্তাহে এসব ইউপি'র নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। "একদিনে দুই বিভাগে ভোটগ্রহণ হবে। তবে মে-জুন মাসে বৃষ্টি ও বন্যার কারণে ঢাকার কয়েকটি জেলায় আগে নির্বাচনের কথা চিন্তা করা হচ্ছে।" আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ইসি তফসিল ঘোষণা করতে চায় জানিয়ে সাখাওয়াত বলেন, এজন্য আগামি ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। "আইন শৃঙ্খলাবাহিনী কত ফোর্স দিতে পারবে, ম্যাজিস্ট্রেট কী রকম লাগবে, আমাদের কী কী প্রয়োজন সেসব বিষয় নিয়ে আলোচনা হতে হবে।" দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার পাঁচশ পাঁচটি। এর মধ্যে নির্বাচনযোগ্য ইউপির সংখ্যা চার হাজার তিনশটি। মামলা, সীমানা পুনর্বিন্যাস না হওয়া এবং অন্য কারণে দুশ পাঁচটি ইউপিতে আপাতত নির্বাচন করা যাবে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইতোমধ্যে জানান, মার্চে এসএসসি পরীক্ষা ও আদম শুমারি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা থাকায় ইউপি নির্বাচন দুই পর্বে করার পরিকল্পনা নেয় ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/২০২৪ ঘ.