২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী

দলের নেতা-কর্মীদের ওপর 'পুলিশি হামলা' ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ৯ এপ্রিল দেশব্যাপি বিক্ষোভ ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের নেতা-কর্মীদের ওপর 'পুলিশি হামলা' ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ৯ এপ্রিল দেশব্যাপি বিক্ষোভ ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত ৫ এপ্রিল বায়তুল মোকাররামের সামনে কর্মসূচি পালনকালে পুলিশ বিনা উস্কানিতে নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। "এ সময় দুশতাধিক নেতা-কর্মী আহত হয় এবং অর্ধ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।" আজহারুল দাবি করেন, স্বাধীনতার পর ৩৯ বছরেও তাদের [নিজামী-মুজাহিদ] বিরুদ্ধে দেশের কোনো থানায় মামলা তো দূরে থাক জিডি পর্যন্ত হয়নি। "এ থেকেই প্রমাণিত হয় যে, তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। দেশ পরিচালনায় সরকার ব্যর্থতা ঢাকা দিতে যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াতের নেতাদের অন্যায় ও বেআইনিভাবে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন আজহারুল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক তাসনীম আলম, ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০৪৯ ঘ.