২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পদ্মা সেতুর নির্মাণ শুরু অগাস্টের মধ্যে'

পদ্মা সেতুর নির্মাণ কাজ অগাস্টের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর নির্মাণ কাজ অগাস্টের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান। বুধবার সংসদ ভবনের প্রচারকক্ষে সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি মাসে এই সেতুর দরপত্র ডাকা হবে। আগামী জুলাই-অগাস্টের মধ্যে কাজ শুরু হবে। "চলতি বছরে জাপান ঋণ না দিলেও কাজ শুরু করতে সমস্যা হবে না।" গত মাসে বিপর্যয়কারী ভূমিকম্প ও সুনামির পর চলতি অর্থবছরে কোনো দেশকে অর্থ সাহায্য না দেওয়ার কথা জানায় জাপান। গত ২০ অক্টোবর অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতুর সম্ভাব্য নির্মাণ ব্যয় দুশ ৯০ কোটি ডলার হয়েছে। এর আগে সেতুটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয় দুশ ৪০ কোটি ডলার। নির্মাণ ব্যয়ের অর্ধেক একশ ২০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিলো বিশ্বব্যাংক। সেতু নির্মাণে ৬১ কোটি ৫০ লাখ ডলার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এবং ৪১ কোটি ৫০ লাখ ডলার জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) দেওয়ার কথা। ইতোমধ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার বরাদ্দ দিয়ে দিয়েছে। সংসদীয় কমিটির বৈঠক শেষে কথা বলছিলেন কমিটির সভাপতি। বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মো. আবু জাহির, মো. গোলাম মাওলা রনি ও অপু উকিল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৭ ঘ.