২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ছাত্রলীগ সভাপতির ওপর হামলা

শরীয়তপুরে সরকার সমর্থক ছাত্রলীগের জেলা সভাপতির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাংচুর হয়েছে তার মালিকানার ক্লিনিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

শরীয়তপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে সরকার সমর্থক ছাত্রলীগের জেলা সভাপতির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাংচুর হয়েছে তার মালিকানার ক্লিনিক। বুধবার জেলা শহরে সদর হাসপাতালের সামনে ছাত্রলীগ সভাপতি আলমগীর হাওলাদারের ওপর হামলা হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। হামলায় আলমগীরের চাচা রাজ্জাক হাওলাদারসহ সাত জন আহত হন। হামলাকারীরা আওয়ামী লীগেরই কর্মী বলে স্থানীয়রা জানিয়েছে। আলমগীর হাওলাদারের ছোট ভাই রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের বলেন, ১০/১২টি মটর সাইকেলে চড়ে এক দল যুবক ক্লিনিকের সামনে এসে আলমগীর ও রাজ্জাকে কুপিয়ে জখম করে। তাদের বাঁচাতে এসে আহত হন তিনিসহ আরো পাঁচ জন। এরপর ক্লিনিকে ভাংচুর চালিয়ে এবং প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা ও টেলিভিশন ও আসবাবপত্র লুট করে নেয় বলে রুহুল জানান। আহত আলমগীর ও রাজ্জাককে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, "ভিকটিম আলমগীর হাওলাদার এখন চিকিৎসাধীন। তার সঙ্গে কথা বলার পর জানা যাবে কারা হামলা করেছে এবং কেনই বা হামলা করেছে।" হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী সাংবাদিকদের বলেন, "যারাই হামলা করুক না কেন, এটা অন্যায় হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩০ ঘ.