ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগকে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করার বিধান সংবিধানে যুক্ত করার পক্ষে মত দিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা।
বুধবার জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। এ বিধান যুক্ত হলে রাষ্ট্রপতির মতো বিচারপতিদের বিরুদ্ধেও সংসদে অভিসংশন প্রস্তাব আনা যাবে।
"এক্ষেত্রে বিচারকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এলে রাষ্ট্রপতি ও স্পিকারের যেভাবে ইম্পিচমেন্ট হয়, একইভাবে বিচারপতিদেরও ইম্পিচমেন্ট হতে পারে।"
জবাবদিহি নিয়ে বিচার বিভাগের সঙ্গে আইন, বিচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির টানাপোড়েনের মধ্যেই আইনপ্রণেতারা এ মত প্রকাশ করলেন।
গত ২০ ডিসেম্বর সুরঞ্জিতের একটি বক্তব্য ধরে সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহিতা নিয়ে বিতর্ক শুরু হয়।
তিনি বলেন, সংসদীয় কমিটি চাইলে যে কোনো সরকারি চাকরিজীবীকে সংসদীয় কমিটির সামনে হাজির হতে হবে-এমন একটি আইনের খসড়া তৈরি করা হচ্ছে।
তার ওই বক্তব্যের পর গত ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এক অনুষ্ঠানে বলেন, সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ কেউ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। বরং সবার জবাবদিহিতা জনগণের কাছে।
প্রধান বিচারপতির এ বক্তব্যেরও বিরোধিতা আসে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিতের কাছ থেকে।
বিচারপতিদের অবসরোত্তর পদায়ন নিয়ে ভাবনা
বুধবার সুরঞ্জিত বলেন, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগসহ সব বিভাগের জবাবদিহি থাকবে সংসদের কাছে।
"৭২-এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ একটি মৌল বিষয়। এর দ্বারা সংবিধান ও জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগসহ সবারই জাতীয় সংসদের কাছে জবাবদিহি করার বিষয়টি নিশ্চিত হয়।"
তিনি জানান, বিশেষ কমিটির বুধবারের বৈঠকে সংবিধানের ষষ্ঠভাগে বিচার বিভাগ অধ্যায়ের ৯৫ (বিচারক নিয়োগ), ৯৬ (বিচারকদের পদের মেয়াদ) ও ৯৯ (বিচারকদের অক্ষমতা) অনুচ্ছেদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
"কমিটির ট্রেন্ড হলো ৭২-এর ৯৯ অনুচ্ছেদটাই পুনর্বহাল করতে চায়। তবে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগের এক্সেপশন রেখে সংশোধন করতে চাই।"
তিনি জানান, বর্তমানে এ অনুচ্ছেদে বলা হয়-বিচারপতিরা অবসরে বা অপসারিত হলে আধা বিচারবিভাগীয় পদ বা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ ছাড়া প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে বহাল হতে পারবেন না।
এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়া ছাড়া অন্য কোনো পদ গ্রহণ করতে পারবে কি না সে বিষয়েও কমিটি আলোচনা করেছে বলে জানান সুরঞ্জিত।
৭২'র সংবিধানে বিচারপতিদের অবসর কিংবা অপসারণের পর অন্য কোনো পদ গ্রহণে বাধা ছিলো না।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রধান বিচারপতি ও বিচারকদের নিয়োগে আলোচনা হয়েছে জানিয়ে সুরঞ্জিত বলেন, এক্ষেত্রেও ৭২-এর সংবিধানে ফেরত যাওয়ার মতামত এসেছে। সংশোধিত হলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন এবং প্রধান বিচারপতির পরামর্শে অন্য বিচারক নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
সংবিধানের সপ্তম অধ্যায়ে নির্বাচন কমিশনারের দায়িত্ব বিষয়ে ১১৯ অনুচ্ছেদ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
কো চেয়ারম্যান জানান, সংবিধানে নির্বাচন কমিশনারদের সংখ্যা নির্দিষ্ট করা নেই। প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতে [বাইরে গেলে] কে দায়িত্ব পালন করবেন তাও বলা নেই। সে বিষয় নিয়েও কমিটি আলোচনা করেছে।
"নির্বাচন কমিশনারের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া যায় কি না, করলে কী সুবিধা হবে। ইসিকে গতিশীল করার বিষয়ও চিন্তাভাবনা হচ্ছে"।
কমিটির বৈঠকে টেকনোক্র্যাট মন্ত্রী, নারী আসন, ফ্লোর ক্রসিং বিষয়েও মতামত এসেছে বলে জানান সুরঞ্জিত।
আগামী ১২ এপ্রিল সংবিধান সংশোধনের বাকি বিষয়গুলো গুছিয়ে নিয়ে [অনুচ্ছেদ ১১৫, ১১৬, ১৪১, ১৪২ অনুচ্ছেদ] আবার বৈঠক বসবে বিশেষ কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮৪৩ ঘ.
bdnews24