ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, কওমী মাদ্রাসা বন্ধ করা হবে না।
মঙ্গলবার তিনি বলেন, কওমী মাদ্রাসা বন্ধ করা হবে না। কওমী মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে বলে উস্কানি দিচ্ছে ধর্ম ব্যবসায়ীরা। আলেম ওলামাদের কাছে গিয়ে আমাদের তা বোঝাতে হবে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী ওলামা লীগ আয়োজিত গোলটেবিল বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গতকালের (সোমবার) হরতাল খালেদা জিয়ার অর্থায়নে হয়েছে। বিএনপি হরতালে পরোক্ষ সমর্থন দিয়ে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে।
শামসুল হক বলেন, আমিনী-নিজামীরা বাংলার মুসলমানদের বিশ্ববাসীর কাছে হেয় করতে চায়। তারা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা বাংলাদেশে পাকিস্তানী মওদুদবাদ প্রতিষ্ঠা করতে চায়। এদের হাতে ইসলাম নিরাপদ নয়।
সংগঠন সভাপতি মওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১০৭ ঘ.
bdnews24