ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে মঙ্গলবার রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ।
ফলে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ পালিত হয়নি।
এ ঘটনায় পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। পুলিশ অন্তত ১৫ জনকে আটক করেছে।
মুক্তাঙ্গনে পূর্বনির্ধারিত সমাবেশ কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশের বাধার মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় জিরো পয়েন্ট, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর দিক, বিজয়নগর সড়কসহ আশেপাশের সড়কগুলো রণক্ষেত্রে পরিণত হয়।
জামায়াতে ইসলামি মহানগর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সংসদ সদস্য হাবিবুর রহমান আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিউর রহমান নিজামিসহ বন্দি নেতাদের মুক্তির দাবিতে জামায়াত মহানগর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ছিল।
তিনি জানান, সে অনুযায়ী তার এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুল হালিমের নেতৃত্বে নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদে আছর নামাজ শেষে মিছিল নিয়ে মুক্তাঙ্গনে আসার চেষ্টা করেন।
তিনি জানান, পুলিশের হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
পল্টন থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি ছিল না জামায়াতে ইসলামীর।
"এ ব্যাপারে তাদের সঙ্গে কথার বলতে গেলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের ইটপাটকেল এবং লাঠির আঘাতে কয়েকজন পুলিশ আহত হন। পরে বাধ্য হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে।"
হামলায় আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
প্রায় এক ঘণ্টার সংঘর্ষে ৮/১০টি গাড়ি ভাংচুর হয়। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/পিডি/১৯০৭ ঘ.
bdnews24