চাঁদপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় হরতাল চলাকালে হামলা-ভাংচুরের অভিযোগে মাদ্রাসার ছ্ত্রা-শিক্ষকসহ ৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া কচুয়া থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কচুয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
নারী উন্নয়ন নীতির খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতাল ডাকেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
এই হরতালের সমর্থনে কচুয়ার বিভিন্ন স্থানে মাদ্রাসা শিক্ষক ও ছাত্ররা হামলা ও ভাংচুর করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাকের হোসাইন জানান, হরতালের সমর্থনে সোমবার কচুয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সড়কে গাছ ফেলে অবরোধ করে। এসময় তারা কয়েকটি গাড়ী ভাংচুর ও পেট্রোল পাম্পে হামলা চালায়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর সোমবার কচুয়া থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন।
আমির জাফর বলেন, "হরতালে হামলা ও ভাংচুরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের আটক করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬০৩ ঘ.
bdnews24