সাতক্ষীরা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মোরশেদ আলীর সমর্থকরা সোমবার সকালে পরাজিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদের বাড়িতে ইট-পাটকেল ছোড়ে। এ সময় আব্দুল হামিদ ও তার পরিবারের সদস্যা বাড়ির বাইরে আসলে তাদের মারধোর করে তারা।
এ খবর ছড়িয়ে পড়লে আব্দুল হামিদের সমর্থকরা দুপুরে মোরশেদের কর্মীদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন।
আহতদের মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ (৫৭), হাসিনা খাতুন (২২), আজারুল ইসলাম (২৮), আকলিমা খাতুন (৩৮), আফরোজা বানু (৪৮), মোঃ রুহুল আমীন (৩০), রুবেল (১৮), আব্দুল মালেক (৫০), ইদ্রিস আলী (৫০), মফিজুল ইসলাম (২৫), ফারুক সরদারকে (৩০) কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল হামিদকে হাসপাতালে দেখতে এসে বিকালে প্রতিপক্ষের হামলার শিকার হন জিয়া (২০) ও মিঠু (২৩) নামের দুই যুবক।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুসাইন বলেন, "এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩২০ ঘ.
bdnews24