যশোর. এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে পুলিশ ও হেফাজতে ইসলাম সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।
রোববার রাতে যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আল ভুঁইয়া মামলাটি দায়ের করেন।
হরতালের সমর্থনে রোববার জেলা শহরের রেলগেট মুজিব সড়ক এলাকায় পুলিশ ও হেফাজতে ইসলামের সমর্থকদের সংঘর্ষে মাদ্রাসা ছাত্র হুসাইন আহম্মদ নিহত ও পাঁচ পুলিশ কনস্টেবলসহ ২৫ জন আহত হন।
মামলায় রেল স্টেশন মাদ্রাসার সুপার আনোয়ারুল কবির, ইসলামী ঐক্যজোটের একাংশের জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সভাপতি আব্দুল মান্নান, রেল স্টেশন মসজিদের ইমাম ইউনুস আলীর নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৪/৫'শ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসআই ফরিদ আল ভুঁইয়া সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়েছে।
ওই মামলায় এখনো কেউ আটক হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24