ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতির বিরোধিতাকারীদের হরতাল না করে আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।
তিনি রোববার বলেন, নারী নীতিতে কুরআন ও সুন্নাহ পরিপন্থী কিছু থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধানের সুযোগ রয়েছে।
গত ৭ মার্চ মন্ত্রিসভায় জাতীয় নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদিত হয়। এরপর নারী-পুরুষ সমতার বিরোধিতা করে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
ওই হরতাল এবং নারী নীতির বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শাহজাহান মিয়া।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য এবং সরকারের পতনের জন্য এ হরতাল ডাকা হয়েছে।
"যতক্ষণ পর্যন্ত তারা সংঘর্ষে না যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের বোঝানো হবে", বলেন তিনি।
নারী নীতিমালা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন পড়বে না ততক্ষণ পর্যন্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দলীয়ভাবে ও সরকারের মাধ্যমে তাদের (ইসলামী ঐক্যজোট) আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবর রহমান যুক্তিবাদী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারেক উল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24