২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হরতালে সমর্থন বিষয়ে বিএনপি কোনো সিদ্ধান্ত নেয়নি'

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা সোমবারের হরতালে সমর্থন দেওয়ার বিষয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা সোমবারের হরতালে সমর্থন দেওয়ার বিষয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে এক আলোচনা সভায় এ বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, "ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালের বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই- এ ব্যাপারে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। দলে এ বিষয় নিয়ে কোনো বৈঠক ও আলোচনাও হয়নি।" তবে দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত আসতে পারে- এমন কিছু করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী গত ৮ মার্চ নারী উন্নয়ন নীতিমালার কুরআন বিরোধী ধারা সংযোজন, ফতোয়া বিরোধী হাইকোর্টের রায় ও ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে এই হরতালের ডাক দেন। এর আগে দুপুরে বিএনপির যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "এটা তাদের দলীয় কর্মসূচি। এ বিষয়ে দলীয়ভাবে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এ বিষয়ে কোনো কথা বলিনি, বলব না।" বিকেলে নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে মাওলানা ভাসানী মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দলের আলোচনা সভায় আবারো হরতাল বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে এ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হলে বিএনপি তা মানবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "বিএনপি দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। জিয়াউর রহমান এ জন্য সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের স্থাপনের কথা যুক্ত করেছেন। তাই সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসলে তা কেউ মেনে নেবে না।" মুক্তিযুদ্ধে অবদানের জন্য সবাইকেই যোগ্য মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "বিএনপি সব সময় যার যে অবদান তাকে সম্মান করে। আমরা কখনো জাতীয় নেতাদের নিয়ে অসন্মানজনক কিছু বলিনি।" তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, তাঁতী দলের সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম মিন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯১৯ ঘ.