২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হরতাল নিয়ে আমরা কিছু বলিনি, বলবো না'

ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ঘোষিত সোমবারের হরতালে সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ঘোষিত সোমবারের হরতালে সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে বিএনপি মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছেন, "এটা তাদের দলীয় কর্মসূচি। এ বিষয়ে আমাদের দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এ বিষয়ে কোনো কথা বলিনি, বলবো না।" নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী গত ৮ মার্চ নারী উন্নয়ন নীতিমালার কুরআন বিরোধী ধারা সংযোজন, ফতোয়া বিরোধী হাইকোর্টের রায় ও ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে এই হরতালের ডাক দেন। সংবাদ ব্রিফিংয়ে নারী উন্নয়ন নীতির বিষয়ে দলের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/জেকে/১৩৩০ ঘ.