২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতি স্থগিত না হলে হরতাল হবেই: আমিনী

প্রস্তাবিত জাতীয় নারী উন্নয়ন নীতি স্থগিত করা না হলে ৪ এপ্রিলের দেশব্যাপী হরতাল হবেই বলে জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত জাতীয় নারী উন্নয়ন নীতি স্থগিত করা না হলে ৪ এপ্রিলের দেশব্যাপী হরতাল হবেই বলে জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। বুধবার নেজামে ইসলাম পার্টির এক আলোচনা সভায় তিনি এ হুমকি দেন। গত ৭ মার্চ মন্ত্রিসভায় জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ অনুমোদিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে 'উত্তরাধিকার সম্পদে নারীকে পুরুষের সমান অধিকার' দেওয়া হয়েছে- এমন অভিযোগ তোলে ইসলামী ঐক্যজোট। একদিন বাদেই প্রতিবাদ-সমাবেশ করে ৪ এপ্রিল হরতালের ডাক দেয় দলটি। গত ৯ মার্চ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে মুসলিম উত্তরাধিকার আইনের সঙ্গে প্রস্তাবিত এ নারী নীতি সাংঘর্ষিক না হওয়ার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, "এতে সম্পত্তিতে সমানাধিকার দেওয়া নিয়ে কোনো কথা উল্লেখ করা হয়নি। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি যেভাবে বণ্টন হওয়ার কথা, সেভাবেই হবে। এর সঙ্গে নারী নীতির কোন সংঘর্ষ নেই।" আমিনী বলেন, "নারী উন্নয়ন নীতিতে কুরআন বিরোধী ধারা রয়েছে। তা অবিলম্বে স্থগিত করতে হবে। নইলে ৪ এপ্রিল দেশব্যাপী হরতাল হবেই। হুমকি-ধামকি দিয়ে তা স্থগিত করানো যাবে না।" সেইসঙ্গে তিনি সতর্ক করে দেন যে, অবিলম্বে নারী উন্নয়ন নীতি স্থগিত করা না হলে ভবিষ্যতে আরও হরতালের কর্মসূচি দেওয়া হবে। নারী উন্নয়ন নীতির কথিত কুরআন বিরোধী ধারা, ফতোয়া বিরোধী হাইকোর্টের রায় ও ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে ইসলামী ঐক্যজোট সারাদেশে আগামী ৪ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বিকালে নেজামে ইসলাম পার্টির উদ্যোগে 'অনৈসলামীকরণ প্রক্রিয়া: প্রেক্ষিত বাংলাদেশ, আমাদের করণীয় ' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুফতি আমিনী অভিযোগ করেন, সরকার কুরআন-সুন্নাহ'র বিরুদ্ধে অবস্থান নিয়ে নারী উন্নয়ন ও শিক্ষানীতি প্রণয়ন করেছে। তা এদেশের মুসলমানরা মেনে নেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ইসলামী ঐক্যজোট প্রধান বলেন, ফখরুদ্দীন-মইনরা ষড়যন্ত্র করে আপনাকে [হাসিনা] ক্ষমতায় বসিয়েছে। তারা আর ক্ষমতায় নেই, আগামীতে আপনি আর ক্ষমতা পাবেন না। ফখরুদ্দীন-মইনের ফাঁসিও দাবি করেন তিনি। হরতালকে সামনে রেখে তার দলের নেতা-কর্মীদের ওপর 'নির্যাতন' না চালাতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান আমিনী। তিনি বলেন, "মাদ্রাসার ছাত্র ও মুসলমানরা এই হরতালে লাখ লাখ কুরআন নিয়ে মাঠে থাকবেন। নির্যাতন চালালে পরিণতি শুভ হবে না।'' দলের সভাপতি মাওলানা এম এ রকিবের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জমিয়তে উলামায়ে ইসলাম এর মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ, যুগ্ম মহাসচিব শেখ মুজিবর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, সুশীল ফোরামের সভাপতি জাহিদ হোসেন, ইমাম সমাজের সভাপতি বেলায়েত হোসেন ফিরোজী, ইসলামী যুব মোর্চার সভাপতি মাওলানা সাখাওয়াত, ইসলামী ছাত্র সমাজের সভাপতি ইলিয়াস আতাহারী প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৭ ঘ.