২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের ঝুঁকি নিয়ে মরিয়ার্টির মন্তব্য নাকচ সাহারার

বাংলাদেশ সন্ত্রাসের ঝুঁকিতে রয়েছে- মার্কিন রাষ্ট্রদূতের এ মন্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সন্ত্রাসের ঝুঁকিতে রয়েছে- মার্কিন রাষ্ট্রদূতের এ মন্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সন্ত্রাসবাদ বিষয়ক এক কর্মশালায় বক্তৃতা শেষে সাংবাদিকদের বলেছিলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ সন্ত্রাসের ঝুঁকিতে রয়েছে। তবে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ ভালো পদক্ষেপ নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। সেইসঙ্গে মরিয়ার্টি সন্ত্রাসবাদ মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ মার্কিন রাষ্ট্রদূতের ওই বক্তব্যর কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানাবে কি না- এ প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য কোনো মন্তব্য করেননি। মরিয়ার্টির মন্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই এখন সন্ত্রাসের ঝুঁকিতে রয়েছে। রাষ্ট্রদূত এ বিষয়টি কর্মশালায় উল্লেখ করেছেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে টুকু বলেন, বিরোধী দল কোনো কর্মসূচি না দিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। এ জন্যই বিশ্বকাপ ক্রিকেট চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করেন তিনি। বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ সাবের হোসেন চৌধুরী, রাশেদ খান মেনন, সানজিদা খানম, হাবিবুর রহমান মোল্লা ও আসলামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৮০৯ ঘ.