ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খাটো হবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
মঙ্গলবার এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, "আদালতের রায় বা আইন করে ইতিহাসকে পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগকে বলব- জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাকে (জিয়া) স্বীকৃতি দিলে বঙ্গবন্ধু খাটো হবেন না। তার (বঙ্গবন্ধু) স্থান অনেক ওপরে।"
সেইসঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক পরিহারের আহ্বান জানিয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান মওদুদ।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াকে স্বীকৃতি দেওয়া হলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চলমান বির্তকের অবসানও হতে পারে।
জিয়া সাংস্কৃতিক সংগঠন বিকালে জাতীয় প্রেসক্লাবে 'স্বাধীনতা যুদ্ধে জিয়ার অবদান' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে জিসাসের পক্ষ থেকে শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মওদুদ আরো বলেন, "একাত্তরের ইতিহাস সাক্ষ্য দেয় ২৬ মার্চ জিয়াউর রহমানই প্রথম নিজে এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এর আগে কেউ স্বাধীনতার ঘোষণা দেননি। জনগণ কারো ঘোষণা শোনেননি।"
স্বাধীনতার ঘোষক প্রশ্নে আওয়ামী লীগ বির্তক সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
জিয়াউর রহমানের ভাবমূর্তি বিনষ্ট করতে সরকারি দল তৎপর বলে দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মতিউর রহমান, অভিনেত্রী রিনা খান ও নুরুল ইসলাম খান।
সংবিধান সংশোধনে সংসদীয় বিেেশষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সোমবার বলেন, প্রজাতন্ত্র অধ্যায়ে বঙ্গবন্ধুকে জাতির পিতার স্বীকৃতি দিয়ে সংবিধান সংশোধন করা হবে। ফলে কেউ চাইলেও তা পরিবর্তন করা যাবে না। তিনি সংবিধান সংশোধনের বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা বাইরে না বলে এ সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির সভায় এসে উপস্থাপনের জন্য বিএনপির প্রতি আহ্বানও জানিয়েছেন।
এর আগের দিন রোববার এক সভায় মওদুদ বলেছিলেন, সংবিধানে বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকৃতি দেওয়া হলে বিএনপি ক্ষমতায় গেলে তা বাতিল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24