ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ তোলেন মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল।
তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ঘোষণার সঠিক ইতিহাসকে আওয়ামী লীগ সরকার ধামাচাপা দিতে নানা অপপ্রচার চালাচ্ছে।
"স্বাধীনতার ঘোষক জিয়া [জিয়াউর রহাম]- এই ইতিহাসকে তারা বিকৃত করছে। উদ্দেশ্য জিয়াকে হেয় প্রতিপন্ন করা। কিন্তু কোনো লাভ হবে না।"
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, একাত্তরে দেশের মানুষ জিয়ার কন্ঠে স্বাধীনতার ঘোষণা শুনেছেন। আওয়ামী লীগ সেই সত্যকে মানতে চায় না। তারা বলছেন, তাদের নেতাই নাকি ঘোষণা দিয়েছেন। কিন্তু কেউ তা শোনেনি।
চাল-ডাল-লবণ-তেল কোনো কিছুরই দাম সরকারর কমাতে পারেনি- এ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সেদিকে তাদের নজর নেই। তারা কেবল বিরোধী দলের ওপর নির্যাতনে ব্যস্ত।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, তাঁঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম শফিউল আলম খোকন, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।
পরে দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্মরণে প্রার্থনা সভা হয় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩৩ ঘ.
bdnews24