২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চেয়ারম্যান প্রার্থীর শাশুড়ি খুন

খুলনার দিঘলিয়া উপজেলায় নির্বাচনের দিন এক চেয়ারম্যান প্রার্থীর শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

খুলনা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দিঘলিয়া উপজেলায় নির্বাচনের দিন এক চেয়ারম্যান প্রার্থীর শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সালেহা বেগম (৬৫)। তার মেয়ের স্বামী আব্দুস সাত্তার যোগিপাল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে যোগিপাল ইউনিয়নে মেয়ের বাড়িতে খুন হন সালেহা। নির্বাচনের কারণে তিনি জামাইয়ের বাড়িতে এসেছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সাত্তারের দাবি। তবে পুলিশ বলছে, পারিবারিক বিরোধও এর কারণ হতে পারে। খানজাহান আলী থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, সকাল ১১টার দিকে কে বা কারা সালেহাকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সাত্তারের দুই স্ত্রীর মধ্যে ছোট জনের মা সালেহা। তার বাড়ি পিরোজপুরে। সাত্তার জানান, এক মাস আগে পিরোজপুর থেকে তার বাড়িতে বেড়াতে আসেন শাশুড়ি। নির্বাচনের কারণে আর যাওয়া হয়নি। পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, সাত্তারের প্রথম স্ত্রীর আত্মীয়-স্বজনরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছি। তবে সাত্তার বলেন, তাকে নির্বাচনে হারিয়ে দেয়ার জন্য প্রতিপক্ষ এ ঘটনা ঘঠিয়েছে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৬ ঘ.