ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর দিনে ভোলা ও বরিশালের কয়েকটি স্থানে সংঘর্ষ, ব্যালট বাক্স-পেপার ছিনতাই হয়েছে। ভোলার একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে।
নির্বাচনে অনিয়ম ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ভোলায় তিন প্রার্থীসহ ছয় জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপকূলের ১৮৭ ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন মঙ্গলবার শুরু হয়েছে।
চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ২৪ উপজেলার এ সব ইউনিয়নে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলা : সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নে সহিংসতা সৃষ্টির অভিযোগে তিন প্রার্থীসহ ছয় জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এখানে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিচার বিভাগীয় হাকিম জান্নাত আরা এ দণ্ডাদেশ দেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভেদুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজিরহাট এম হোসেন রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের দুই ঘণ্টার মাথায় ব্যালট বাক্স, পেপার ছিনতাই হয়।
সকাল ১০টায় দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর এ ছিনতাইর ঘটনা ঘটে। এর পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
ভোলা সদর থানার ওসি নাসিরউদ্দিন মল্লিক সাংবাদিকদের জানান, সংঘর্ষের ঘটনায় সদস্য প্রার্থী লোকমান পাটোয়ারী, পুলিশ কনস্টেবল মিজানসহ ১৩ জন আহত হয়।
এদিকে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নওশাদ হোসেন মুন অভিযোগ করেছেন, তার এজেণ্টদের কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না।
বরিশাল : বানারীপাড়ায় সরকার দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের তিনটি কেন্দ্রে ঢুকতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
সৈয়দকাঠি ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোট শুরুর কিছুক্ষণ পরে প্রকাশ্যে সরকার সমর্থিত প্রার্থীর প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করে বলেও অভিযোগ করা হয়।
তবে রিটার্নিং কর্মকর্তা অভিজিৎ শীল এজেন্টদের ঢুকতে না দেওয়ার বিষয়টি স্বীকার করলেও প্রকাশ্যে সিল মারা নিয়ে কোনো অভিযোগ পাননি বলে জানান।
ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মৃধার প্রধান নির্বাচনী এজেন্ট আসাদুল হক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালা প্রাসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের এজেন্টদের ভোট কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।
তালা প্রাসাদ ও নলশ্রী কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন মন্টুর দেয়াল ঘড়ি প্রতীকে প্রকাশ্যে সিল মেরে ব্যালট বাক্সে ভর্তি করা হয় বলে বাদল অভিযোগ করেন।
বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থী, তার প্রধান নির্বাচনী এজেন্ট ও দুই সমর্থকের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ এসেছে।
দুপুর সাড়ে ১১টায় গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
চেয়ারম্যান প্রার্থী তাজেম আলী হাওলাদার সাংবাদিকদের বলেন, সরকার সমর্থক উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক তার ভগ্নিপতি মাইনুল হাসান মোহাম্মদের পক্ষ নিয়ে কেন্দ্রে ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেয়।
তাজেমের অভিযোগ, ফারুকের লাঠির আঘাতে তার এজেন্ট শাকিল, কর্মী শাহিন ও সেলিম সরদার আহত হয়।
বরিশাল-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক তার ভগ্নিপতি মাইনুল হাসান মোহাম্মদের পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করে। ওই সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাজেম বাধা দিলে তার সমর্থকদের মারধর করা হয়।
তবে উপজেলা চেয়ারম্যান ফারুক এ অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তিনি পরিস্থিতি সামাল দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/সিএস/এমআই/১৫১০ ঘ.
bdnews24