ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস দেখাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।
তিনি বলেন, "একজন আদর্শ সাংবাদিকের কোনো স্থায়ী বন্ধু থাকতে পারে না। কিন্তু দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, মা-মাটি-মানুষের প্রতি স্থায়ী ও অকৃত্রিম বন্ধুত্ব থাকতে হবে। এসব বিষয়ে কখনও আপস চলবে না।"
সোমবার জাতীয় জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত বজলুর রহমান স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল হামিদ এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে আন্তরিক প্রয়াস চালানো জাতীয় কর্তব্য মন্তব্য করে স্পিকার বলেন, "এক্ষেত্রে আমি সন্তোষের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশের সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস অনুসন্ধান ও স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।"
এ প্রসঙ্গে তিনি প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের উদাহরণ টেনে বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে আজীবন লালন করে গেছেন তিনি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিপক্ষে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তার কলম ছিল সবসময়ই সোচ্চার।
"অর্থনীতি বিভাগ থেকে ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা কিংবা সুপিরিয়র সার্ভিস পরীক্ষা দিয়ে আকর্ষণীয় চাকরি না নিয়ে সমাজ বিপ্লবের স্বপ্ন দেখা বজলুর রহমান ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা পেশাকেই বেছে নিয়েছিলেন" যোগ করেন আবদুল হামিদ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য তিন জনকে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০১০' প্রদান করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের এক মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য দৈনিক যায়যায়দিন পত্রিকার রীতা ভৌমিক, 'কলিম মাঝির স্বপ্ন পূরণ হলো না' অনুষ্ঠানের জন্য বৈশাখী টেলিভিশনের কাজী সাজ্জাদ আলী এবং বিশেষ সম্মাননা পদক পান চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মুক্তিযুদ্ধ জাদুঘরের জুরি বোর্ডের সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৪০ ঘ
bdnews24