বাগেরহাট, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে দু'টি ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।
শনিবার সকালে সদরের বিষ্ণুপুর ইউনিয়নের ডিংসাই পাড়া তেতুঁলতলা গ্রামে এবং শুক্রবার রাতে চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে সংঘর্ষ হয়।
বিষ্ণুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোল্লা মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার সমর্থকরা তেতুঁলতলা গ্রামে গণসংযোগে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে মোতাহার হোসেন, মোবাশ্বের হোসেন, শহীদুল্লাহ, মো. আসাদুজ্জামান, শাহীনুর সরদার ও তাইজুল ইসলাম আহত হন।
এদের বাড়ি ডিংসাই পাড়া তেতুঁলতলা গ্রামে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ ওহিদুজ্জামান বলেন, শুক্রবার রাত ৯টার দিকে তিনি তার কর্মীদের নিয়ে ঘোনা গ্রামে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে প্রতিপক্ষের কর্মীরা তাদের কুপিয়ে ও মারধর করে জখম করে।
তার সমর্থক বেল্লাল, মান্নান, বদর আলী, হেমায়েত, দবির, এবং তার বাবা বাবর আলী শেখ আহত হন। তাদের চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা তাদের তিনটি মোটরসাইকেল ভাংচুর করেন বলেও তিনি দাবি করেন।
তবে কোন প্রার্থীর সমর্থকরা হামলা করেছে তা তিনি বলতে পারেননি।
চিতলমারী থানার ওসি মো. আব্দুর রশিদ জানান, তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই এলাকাতেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আগামী ৩০ মার্চ এবং সদরে ২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০০০ ঘ.
bdnews24