২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর রিমান্ড আবেদনের শুনানি ২৭ মার্চ

যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার আবেদনের শুনানির দিন নির্ধারণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার আবেদনের শুনানির দিন নির্ধারণ হয়েছে। আগামী ২৭ মার্চ এ শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন একই অভিযোগে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য এম এ আলীমকে গ্রেপ্তারে তদন্ত সংস্থার আবেদনেরও শুনানি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিট্রার মো. শাহিনুর ইসলাম বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। নিজামী ও সালাউদ্দিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদন করে। তবে সালাহউদ্দিনকে জিজ্ঞাসাবাদের শুনানি আগামী ১৯ এপ্রিল ট্রাইব্যুনালে তার হাজির করার দিন অনুষ্ঠিত হবে বলে জানান শাহিনুর ইসলাম। তিনি বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী না থাকায় তাকে তদন্ত সংস্থার আবেদনের কপি দেওয়া যায়নি। তাই তার বিষয়ে করা আবেদনটি দেরি হচ্ছে।" নিজামীর আইনজীবী তার বিষয়ে করা আবেদনের কপি গ্রহণ করেছেন বলে জানান তিনি। তিনি আরো জানান, ২৭ মার্চের শুনানির দিন নিজামীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে না। ট্রাইব্যুনালের বিধিমালা পরিবর্তন করে জিজ্ঞাসাবাদের সময়সীমা বাড়ানো হবে কি না- এ প্রশ্নের জবাবে শাহিনুর ইসলাম বলেন, "স্বচ্ছ বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হবে। ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিবেন তাদের নিরাপত্তার জন্য একটি ইউনিট করার চিন্তা করছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৩৪০ ঘ.